বিকাশ ঈদ সালামি ক্যাম্পেইনে কনটেন্ট তৈরি করে পুরস্কার জিতলেন ১০০ কর্মী

গত ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ কনটেন্ট জেনারেশন ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কার জিতেছেন বিকাশ-এর ডিস্ট্রিবিউশন হাউজের অধীনে কাজ করা ১০০ কর্মী। সারাদেশের মাঠপর্যায়ের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই ব্যতিক্রমী ক্যাম্পেইনে ইউটিউব ও টিকটকে ডিজিটাল সালামি নিয়ে সৃজনশীল কনটেন্ট তৈরি করে বিজয়ী হয়েছেন তারা। 

ক্যাম্পেইনের আওতায় সারাদেশের মাঠপর্যায়ের কর্মীরা ৭ হাজারেরও বেশি কনটেন্ট তৈরি ও তা ইউটিউব, টিকটকে প্রকাশ করেন। সেসব কনটেন্টের সৃজনশীলতা, দর্শক সম্পৃক্ততা এবং উপস্থাপনের দক্ষতা বিবেচনায় নিয়ে নির্বাচন করা হয় সেরা কনটেন্ট এবং তাদের নির্মাতাদের।

সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা বিজয়ী কর্মীদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী, বিকাশ-এর হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস মো. ইরফানুল হক এবং হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশন্স ইশতিয়াক শাহরিয়ার সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

অনুষ্ঠানে জেলা ভিত্তিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী। পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয় মাঠপর্যায়ের কর্মীদের সৃজনশীল এই অর্জন।