সাদা পাথরে পর্যটক নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। পেশায় তিনি চিকিৎসক। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা আড়াইটার দিকে সাদাপাথরে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ ডা. সুব্রত সাহা বিকাশ (৩৩) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।

পুলিশ জানায়, ডা. সুব্রত সাহা ও তার ৩ বন্ধু সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্র দেখতে ঢাকা থেকে এসেছেন। বৃহস্পতিবার দুপুরে সাদাপাথর পর্যটন কেন্দ্রের বিজিবির ক্যাম্পের সামনে সুব্রতসহ তার বন্ধুরা গোসল করতে নামেন। নদীতে সাঁতার কাটতে কাটতে এক পর্যায়ে পানির প্রবল স্রোতের মধ্যে চলে যান তারা। এসময় অন্যরা তীরে উঠতে পারলেও সুব্রত স্রোতের টানে তলিয়ে যান।

নিখোঁজের পর থেকে কোম্পানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে কাজ করছেন। তবে সন্ধ্যা পর্যন্ত ডা. সুব্রতের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর আবদুল কাইয়ুম জানান, সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।