নাঙ্গলকোটে মোহনা টিভির উপজেলা কার্যালয়ে হামলার অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোটে মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজের কার্যালয়ে একদল কিশোর গ্যাং সদস্য হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রোড এলাকার আমিন টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকের দিকে পিস্তল উঁচিয়ে হুমকি দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বেলাল হোসেন রিয়াজ আমিন টাওয়ারের দ্বিতীয় তলায় তার কার্যালয়ে বসে সংবাদ তৈরির কাজ করছিলেন। এ সময় মুখোশধারী একদল কিশোর গ্যাং সদস্য তার কার্যালয়ে প্রবেশ করে। তারা সাংবাদিক রিয়াজের দিকে পিস্তল তাক করে কার্যালয় থেকে বের হয়ে আসার জন্য চাপ দিতে থাকে।

সাংবাদিক বেলাল হোসেন রিয়াজ বলেন, ‘আমি অফিসে বসে নিউজের কাজ করছিলাম। হঠাৎ মুখোশ পরা একদল কিশোর এসে আমার দিকে পিস্তল তাক করে বলে, ‘‘তুই অফিস থেকে বের হ, তোর সঙ্গে কথা আছে।’’ আমি বের হতে অস্বীকৃতি জানালে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। একপর্যায়ে আমি কৌশলে পুলিশকে খবর দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন নাঙ্গলকোট প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লা। তিনি বলেন, ‘প্রকাশ্যে একজন সাংবাদিকের কার্যালয়ে ঢুকে তাঁকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে নাঙ্গলকোট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ‘আমি মাত্রই থানায় যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’