সাভার

কিশোরকে পিটিয়ে অন্ধ, বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

ঢাকার সাভারে রিপন ঋষি নামে এক কিশোরকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও বহিষ্কৃত ছাত্রদল নেতা মাহাবুর হোসেন সামিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে রাজধানীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাহাবুর হোসেন সামির সাভার সদর ইউনিয়নের দেওগাঁ এলাকার মৃত মতিউর রহমানের ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রিপন ঋষিকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তিনি। ওই হামলায় কিশোরটি দৃষ্টিশক্তি হারিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া সামিরের বিরুদ্ধে সাভার মডেল থানায় আরও একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার মাহাবুর হোসেন সামিরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।