দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত-এর ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘জেলর ২’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের বহুল আলোচিত ও বক্স অফিসে সফল ‘জেলর’ সিনেমার এই সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রযোজনা সংস্থা সান পিকচার্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অ্যাকশন-প্যাকড প্রোমো ভিডিও প্রকাশ করে সিনেমাটির অফিসিয়াল মুক্তির তারিখ জানায়। সেখানে ঘোষণা করা হয়, আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জেলর ২’।
প্রোমো ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে থিয়েটারে ঝড় তুলতে আসছে জেলর ২।’
মুক্তির তারিখ ঘোষণার সঙ্গে প্রকাশিত সংক্ষিপ্ত প্রোমোটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। যদিও এতে রজনীকান্তের সম্পূর্ণ লুক প্রকাশ করা হয়নি, তবে তার একটি ‘পার্শিয়াল ফার্স্ট লুক’ দেখা গেছে।
ভিডিওতে তার আইকনিক চরিত্র ‘মুথুভেল পান্ডিয়ান’-কে পুরোপুরি দেখানো হয়নি। তাকে ছায়ার আড়ালে একটি বিপজ্জনক মিশনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজছে সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের তৈরি ‘হুকুম রিলোডেড’ থিম সং, যা ভিডিওটির উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রথম পর্বের অভাবনীয় সাফল্যের পর ‘জেলর ২’-এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। এবার সিনেমাটির ক্যানভাস ও স্কেল আরও বড় হতে যাচ্ছে।
সিক্যুয়েলে আবারও রজনীকান্তের সঙ্গে দেখা যাবে কন্নড় সুপারস্টার শিব রাজকুমার এবং মালয়ালম মেগাস্টার মোহনলাল-কে। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, জাফর সাদিকসহ নতুন মুখ হিসেবে সূরজ ভেঞ্জারমুডু ও যতীন শর্নার মতো অভিনয়শিল্পীরা।