দেশের শেয়ারবাজারের মাপকাঠি নির্ধারণে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) ক্ষমতা দিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিএসই বলেছে, বিএসইসি গত ১ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ২০ক-এর অধীনে প্রদত্ত ক্ষমতাবলে একটি যুগান্তকারী আদেশ (আদেশ নং: বিএসইসি/সার্ভেইল্যান্স/২০২০-৯৭৫/৫৭৯) জারি করেছে।
এই আদেশের মাধ্যমে বিনিয়োগকারীদের যথাযথ সুরক্ষা, বাজারে সুষ্ঠু, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিতকরণ, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন সহজতর করার লক্ষ্যে ডিএসই এবং সিএসইকে নিজস্ব প্রবিধান ও নীতিমালা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণ প্যারামিটারসমূহ স্বাধীনভাবে নির্ধারণ ও বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রাসঙ্গিক প্রবিধান, নীতিমালা এবং পরিচালনগত প্রয়োজনীয়তার আলোকে বাজার পরিচালনার বিভিন্ন নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা পাবে।
তবে এসব প্যারামিটারে কোনো পরিবর্তন আনা হলে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে তা অবিলম্বে বিএসইসিকে অবহিত করতে হবে এবং বাজারের সব অংশগ্রহণকারীর কাছে পরিবর্তনের বিষয়ে যথাযথভাবে প্রচার ও অবহিতকরণ নিশ্চিত করতে হবে। তবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বর্তমানে প্রচলিত বাজার নিয়ন্ত্রণ প্যারামিটারসমূহ বলবৎ থাকবে।
ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি বিএসইসি’র এই নির্দেশনাকে স্বাগত জানাচ্ছে। বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণে স্টক এক্সচেঞ্জকে ক্ষমতা প্রদানের এই সিদ্ধান্ত পুঁজিবাজারের দক্ষতা ও আন্তর্জাতিক মান অর্জনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।