সাভারে শারমিন আক্তার লিজা (৩৬) নামে এক নারীকে ধর্ষণের পরে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সাভারের আমিন বাজার ইউনিয়নের বড়দেশী এলাকার ইউসুফ আলীর মালিকানাধীন ভাড়া বাড়িতে তৃতীয় তলার ফ্লাট থেকে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শারমিন আক্তার লিজা ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা আগানগর গ্রামের শওকত হোসেনের মেয়ে। তিনি রাজধানীতে একটি প্রসাধনী কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করতেন। তার এক কন্যা সন্তান রয়েছে।
পুলিশের ভাষ্য, দুপুরে নিহতের মেয়ে সামিয়া আক্তার জেরিন বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। এসময় নিহত শারমিন ঘরে একাই ছিলেন। পরে মেয়ে সামিয়া সন্ধ্যায় বাড়ি ফিরে তার মাকে বিবস্ত্র অবস্থায় বিছানার ওপর নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। এসময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘরে এসে শারমিনের মরদেহ দেখতে পায়।
সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হোসেন জানালেন, জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত নারী স্বামী পরিত্যক্তা ছিলেন। তবে তার আগে দুই বার বিয়ে হয়েছিল। প্রাথমিক ধারণা , ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে। তবে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং দোষীদের আটকের জন্য অভিযান চলছে বলে জানান তিনি।