শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

নিহতরা হলেন শরীয়তপুরের জাজিরা থানার সারেংকান্দি গ্রামের মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার কাওসার হোসেন (২৮)।

পুলিশ ও স্বজনরা জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে চড়ে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে অপর এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। পথে জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোলেমান ও কাওসারের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে ট্রাক রেখে চালক পালিয়ে যায়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলে ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।