'কেপ ভার্দের বিপক্ষে ভুল করলেই বিদায় আর্জেন্টিনার', সতর্ক স্কালোনি

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এবার আসল পরীক্ষা আর্জেন্টিনা ফুটবল দলের। আজ শুক্রবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ ৩২-এর নকআউট পর্বের ম্যাচে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। যেখানে লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম বড় 'সারপ্রাইজ প্যাকেজ' বা চমক কেপ ভার্দ। এই বাঁচা-মরার লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

গ্রুপ পর্বে জর্ডানকে ৩-১ ব্যবধানে হারিয়ে নকআউটে আসা আর্জেন্টিনা দলকে সতর্ক করে স্কালোনি বলেন:

"আমরা ভালো আছি এবং সবার মতোই রোমাঞ্চিত। তবে এমন একটা প্রতিপক্ষকে আমাদের সম্মান করতে হবে যারা এখন পর্যন্ত দুর্দান্ত খেলে এসেছে। নকআউট পর্বে ভুলের মার্জিন খুব ছোট। যে হারবে, সে বিদায় নেবে। আমরা এটা মাথায় রেখেই মাঠে নামব। তবে দল হিসেবে আমরা এখন খুব ভালো ফর্মে আছি।"

কেপ ভার্দকে নিয়ে স্কালোনি আরও যোগ করেন, 'ওরা এখনো কোনো ম্যাচ হারেনি। এমনকি সৌদি আরবের বিপক্ষে ওদের জেতা উচিত ছিল। স্পেন এবং উরুগুয়ের বিপক্ষে কিছুটা ভুগলেও ডিফেন্স খুব ভালো করেছে। ওরা মাঝমাঠের ফাঁকা জায়গাগুলো খুব ভালো বন্ধ করে এবং দারুণ কাউন্টার অ্যাটাক (পাল্টা আক্রমণ) করে। ওরা ভাগ্যের জোরে এখানে আসেনি, যোগ্য দল হিসেবেই এসেছে।"

দলের অধিনায়ক এবং প্রাণভোমরা লিওনেল মেসিকে নিয়ে কোচের সহজ স্বীকারোক্তি, 'মেসি আমাদের সাথে যেকোনো পরিস্থিতিতেই খেলে অভ্যস্ত, তাই আমি ধরে নিচ্ছি ও শুরু থেকেই থাকবে। তবে মাঠে কী ঘটবে তা আগে থেকে বলা কঠিন।' গ্রুপ পর্বে আর্জেন্টিনার গোলগুলো মেসির পা থেকে আসায় দলের অন্য ফরোয়ার্ডদের গোল না পাওয়া নিয়ে স্কালোনি মোটেও চিন্তিত নন। দল জিতলেই তিনি খুশি।

মিয়ামির আবহাওয়া এবং তীব্র আর্দ্রতা নিয়ে স্কালোনি কিছুটা অসন্তোষ প্রকাশ করে বলেন, 'দুপুর ১২টায় ছাদ ঢাকা স্টেডিয়ামে (ডালাসে) খেলার পর মিয়ামির বিকেল ৬টার তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে খেলাটা কিছুটা বৈপরীত্য। তবে আবহাওয়া দুই দলের জন্যই সমান। আমরা এটা নিয়ে অজুহাত দেব না, যেভাবে খেলা দরকার সেভাবেই খেলব।'

কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশ কেমন হবে—তা নিয়ে স্কালোনি জানান যে রণকৌশল তাঁর মাথায় তৈরি। তিনি বলেন, 'দল কেমন হবে তা আমি ঠিক করে ফেলেছি, তবে খেলোয়াড়েরা এখনো তা জানে না।' তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে লেফট-ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো ও মেদিনা দুজনেই ভালো ফর্মে আছেন এবং ক্রিশ্চিয়ান 'কুটি' রোমেরো ফিট থাকলে শুরু থেকেই খেলবেন। আর্জেন্টিনার কোচ হিসেবে আজ নিজের ১০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করতে যাওয়া স্কালোনির লক্ষ্য এই বিশ্বকাপ যাত্রা আরও দীর্ঘ করা।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪:০০ টায় শুরু হবে এই ম্যাচ। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের চোখ এখন মিয়ামির দিকে, মেসি-স্কালোনির আর্জেন্টিনা ধরে রাখতে পারবে কি তাদের বিশ্বজয়ের ধারা, নাকি রূপকথা লিখবে কেপ ভার্দ?