কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা, জরিমানা

মাদারীপুরের কালকিনি পৌরসভার ঠেংগামারা এলাকায় সরকারি খালে অবৈধভাবে বালু দিয়ে ভরাটের কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় খলিল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি খাল বালু দিয়ে ভরাটের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ ভরাট কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সরকারি সম্পত্তি দখল ও খাল ভরাটের দায়ে খলিল নামে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল উল আরেফিন বলেন, সরকারি খাল, নদী ও জলাশয় কোনোভাবেই অবৈধভাবে দখল বা ভরাট করতে দেওয়া হবে না। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারি খাল ও জলাশয় সংরক্ষণে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের কোনো অনিয়ম চোখে পড়লে উপজেলা প্রশাসনকে দ্রুত জানানোর আহ্বান জানান।