ইছামতী নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের মরদেহ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ইছামতী নদী থেকে আব্দুল মালেক নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রাজদিয়া গ্রাম সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আব্দুল মালেক (৭০)  উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

নিহতের ছেলে হানিফ জানান, গত ৩০ জুন বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বাবা নিখোঁজ হন। তবে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করা হয়নি। বাবা চোখে কম দেখতেন। এছাড়া কিছুদিন আগে স্ট্রোক করার কারণে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন।

বক্তাবলী ফাঁড়ির নৌ পুলিশের ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান, বৃদ্ধ মালেক মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চোখেও কম দেখতেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।