বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে কাভার্ড ভ্যানচাপায় নারী-শিশু নিহত

মাদারীপুরের শিবচরে বিয়ে অনুষ্ঠানে যাওয়ার পথে কাভার্ড ভ্যানচাপায় নারী ও শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হন। শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কের দ্বিতীয় খণ্ড মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী বিথি আক্তার নীলপরী (৩৫) ও একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। সম্পর্কে তারা দুজন চাচী ভাতিজি।

আহতরা হলেন একই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) ও যাদুয়ার চর এলাকার   ভ্যানচালক লিটন মিয়া (৩০)। তারা ভ্যানযোগে উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানায়, দুপুরে বিথী আক্তার তার পরিবারের ছয় সদস্য তাদের এক আত্মীয়ের বিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্য দুইটি ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি থেকে রওনা হন। পথে তাদের ভ্যান দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় পৌঁছলে ভ্যানটি উল্টে যায়। এসময় পেছনে থাকা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে বিথি আক্তারসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিথী আক্তার ও আয়েশাকে মৃত ঘোষণা করেন।এছাড়া আহত ভ্যানচালক লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ আসিফ বলেন, দুপুরে দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্য পরীক্ষা নিরীক্ষা করে আমরা দুইজনকে মৃত অবস্থায় পাই। এছাড়াও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।