হবিগঞ্জে সাবরেজিস্ট্রার নেই, সেবা প্রত্যাশীদের দুর্ভোগ

সাব রেজিস্ট্রার ছাড়া চলছে হবিগঞ্জ সদর সাব রেজিস্ট্রার অফিস। প্রায় এক বছর ধরে চলছে এ অবস্থা। অন্য উপজেলার সাব রেজিস্ট্রারকে খণ্ডকালীন নিয়োগ দিয়ে চালানো হচ্ছে জেলা সদরের ব্যস্ততম এ অফিসটি। সর্বশেষ সাবরেজিস্টার ছিলেন আবুল কাশেম।

গত বছর ৭ আগস্ট অবসরজনিত ছুটিতে গেলে তার স্থানে নয়া কোন সাবরেজিস্টার নিয়োগ দেয়া হয়নি। ফলে প্রতিদিনকার জমিজমা বেচাকেনার দলিলসহ নানা ধরনের রেজিস্ট্রেশন করতে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণত মানুষ।

হবিগঞ্জ সাবরেজিস্টার অফিসে কর্মরত কয়েকজন কর্মচারী ও সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে,  দীর্ঘ এক বছর ধরে সাবরেজিস্ট্রার পদটি শূন্য রয়েছে। এতে করে সেবা নিতে আসা অনেকেই সেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে।

সেবা প্রত্যাশী ইনাতাবাদ এলাকার কাতার প্রবাসী আহমদ হোসেন জানান, তিনি বৃহস্পতিবার (২ জুলাই) এসেছিলেন একটি জমি রেজিস্ট্রারি করতে। শনিবার তিনি কাতারের উদ্দেশ্যে হবিগঞ্জ ত্যাগ করবেন। কিন্তু  সাবরেজিস্ট্রার না থাকায় শখের জমি কেনা হয়নি।

দলিল লেখক ফয়সল জানান, সাব রেজিস্ট্রার না থাকায় অনেক সেবা প্রত্যাশী অফিসে এসে ঘুরে যাচ্ছেন।

অফিসের হেডক্লার্ক অরুন জানান, বানিয়াচং উপজেলার সাব রেজিস্ট্রার আব্দুস সালাম সপ্তাহে সোম মঙ্গল ও বুধবার তিনদিন হবিগঞ্জ সদরে খণ্ডকালীন কাজ করছেন।

হবিগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসে প্রতিদিন ৮০টি দলিল রেজিস্ট্রেশন হয়ে থাকে। এছাড়া শতাধিক দলিলের নকলের জন্য আবেদন পড়ে। জনগণের দুর্ভোগ নিরসনে অবিলম্বে হবিগঞ্জ সদর উপজেলায় সাবরেজিস্টার  নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন সেবা প্রার্থী ও অফিসে কর্মরত কর্মচারীরা।