মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ১০ নাগরিককে বাংলাদেশে পুশইনের একটি বড় চেষ্টা নসাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ জুলাই) ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) এই পুশইনের ঘটনা ঘটলেও বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতায় ওইদিন রাতে তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায় বিজিবি।
বিজিবি জানায়, কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে দুইজন পুরুষ, সাত নারী ও শিশু রয়েছে। তারা হলেন রিহাদুল মোল্লা (৫৫), ফরিদা বেগম (৪০), লাবিবা আক্তার (৮), সুবা আক্তার (৩২), দিলারা বেগম (৩৮), রিতা বেগম (৪০), রিয়া বেগম (২৫), সাব্বির শেখ (১৯), লাইলি খাতুন (২৮)।
লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্তে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায়ে বিজিবি পুশইনের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক আছে। স্থানীয় কিছু মানুষ পুশইনে বিএসএফকে সহযোগিতা করছে এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা তাদের ব্যাপারে কঠোর হব। স্থানীয়দের সহযোগিতায় পুশইন করা ১০ জনকে আটক করে বিজিবি। পরে আমরা ওই ব্যাক্তিদের ভারতে ফেরত পাঠিয়েছি।