চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আবদুল্লাহ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার বরমা  ইউনিয়নের ৭নং ওয়ার্ড মাইগাতা আফজল বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আবদুল্লাহ একই এলাকার মৃত আজিজুর রহমান ছেলে। 

স্থানীয় প্রতিবেশি সিএনজি চালক আবদুর রশিদ জানান, শুক্রবার বিকালে তিনি বাড়ির পাশের পুকুরে ঘাটে পানি আনতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয় ও বাড়ির লোকজন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। এ সময় স্বজনরা এসে তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া ছফা শিপা বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগে বৃদ্ধ লোকটি মারা যায়।