পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ জন গ্রেপ্তার

পিরোজপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিনজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে পিরোজপুর সদর থানার ওসি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার কদমতলা এলাকার  বাদশা স্বর্ণামতের ছেলে মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), একই এলাকার আক্কাস শেখের ছেলে মো. আল আমিন শেখ (২৬) এবং টোনা ইউনিয়নের তেজদাসকাঠী এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. আলী হোসেন (৪০)। 

এর মধ্যে আলী হোসেনের কাছ থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক বেলা ২টা ৩০ মিনিটে পিরোজপুর সদর থানার একটি টহল দল কদমতলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় সন্দেহভাজন হিসেবে হাসান ও আল আমিনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪৬ রাউন্ড গুলি ৩০ হাজার টাকার বিনিময়ে টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের আলী হোসেনের কাছে বিক্রি করেছে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওসি মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আলী হোসেনের বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

পিরোজপুর সদর থানা সূত্রে জানা যায়,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে।

শুক্রবার দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী বলেন, জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। আমরা জেলাকে সম্পূর্ণ নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বদ্ধপরিকর। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।