এআই প্রম্পট দিয়ে অ্যাপ তৈরির প্ল্যাটফর্ম আনল মেটা

প্রযুক্তি জায়ান্ট মেটা একটি নতুন এআই-ভিত্তিক অ্যাপ চালু করেছে, যার নাম পকেট। এই অ্যাপ ব্যবহার করে ব্যবহারকারীরা লিখিত নির্দেশ বা এআই প্রম্পট দিয়ে ছোট ছোট ইন্টারঅ্যাকটিভ গেম ও অ্যাপ তৈরি করতে পারবেন।

নতুন এই প্ল্যাটফর্মকে মেটা একটি ক্রিয়েটিভ প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করছে। এখানে ব্যবহারকারীরা- টেক্সট প্রম্পট ব্যবহার করে ছোট গেম বা অ্যাপ তৈরি করতে পারবেন। অন্যদের তৈরি করা কনটেন্ট একটি স্ক্রলযোগ্য ফিড এ খেলতে বা ব্যবহার করতে পারবেন। নিজেদের তৈরি ছোট ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা বা গিজমো শেয়ার করতে পারবেন।

জানা গেছে, চলতি বছরের শুরুতে মেটা এআই-ভিত্তিক গেমিং স্টার্টআপ গিজমোর টিম অধিগ্রহণ করে। গিজমো অ্যাপেও ব্যবহারকারীরা একইভাবে লিখিত প্রম্পট দিয়ে ছোট ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা তৈরি করতে পারতেন এবং একটি ডিসকভারি ফিড এ সেগুলো শেয়ার করা যেত। পকেট মূলত সেই ধারণারই আরও উন্নত ও বিস্তৃত সংস্করণ বলে মনে করা হচ্ছে।

অ্যাপটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করেই বাজারে এসেছে বলে জানা গেছে। প্রথম এটি নজরে আনেন রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি, যিনি গুগল প্লে স্টোরে অ্যাপটির উপস্থিতির তথ্য ও স্ক্রিনশট প্রকাশ করেন।

অ্যাপ বিশ্লেষক সংস্থা অ্যাপফিগারস এর তথ্য অনুযায়ী, পকেট প্রথম প্রকাশ পায় ২৯ জুন ২০২৬ অ্যাপ স্টোর ও গুগল প্লেতে। তবে এখনো এর ব্যবহারকারী সংখ্যা বা ডাউনলোডের পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে মেটা এআই-নির্ভর কনটেন্ট তৈরির দিকে ব্যাপকভাবে ঝুঁকছে। এর অংশ হিসেবে তারা এআই ছবি তৈরির ফিচার চালু করেছে। ভাইবস অ্যাপে এআই ভিডিও তৈরি করার সুবিধা এনেছে। ভিডিও এডিটিং অ্যাপ এডিটস এ এআই ফিচার যুক্ত করেছে। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মেও এআই টুল সংযোজন করেছে।

বিশ্লেষকদের মতে, পকেট সেই বৃহত্তর কৌশলেরই আরেকটি ধাপ, যার লক্ষ্য সাধারণ ব্যবহারকারীদের কাছে এআই-ভিত্তিক কনটেন্ট তৈরি সহজ করে তোলা।

অ্যাপফিগারস এর তথ্য অনুযায়ী, গিজমো অ্যাপটি আগে বাজারে ভালো সাড়া ফেলেছিল। এটি প্রায় ৬ লাখ ৩৫ হাজারের বেশি বার ডাউনলোড হয়েছিল এবং ব্যবহারকারীদের কাছ থেকে প্রায় ৯৮ শতাংশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল।