কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

নীলফামারীর জলঢাকায় কর্মস্থলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে সুমি রানী রায় (৩৫) নামে এক নারী মারা গেছেন। এঘটনায় স্বপন রায় নামে এক যুবক গুরুতর আহত হন।

শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার কাঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমি রানী রায় জলঢাকা উপজেলার পশ্চিম শিমুলবাড়ী শাল্টিতলা এলাকার শ্যামল চন্দ্র রায়ের স্ত্রী ও উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সুমি রানী রায় স্বপন রায়ের সঙ্গে মোটরসাইকেল যোগে কর্মস্থল নীলফামারীর উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন। এ সময় উপজেলার কাঠালী ইউনিয়নের চৌধুরীরহাট বাজার এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি বাসের সামনে মোটরসাইকেল ব্রেক করেন। এসময়ে রাস্তার বালুর সঙ্গে স্লিপ করে মোটরসাইকেলে থাকা সুমি রানী রায় ছিটকে গিয়ে বাসের চাকায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে এ ঘটনায় মোটরসাইকেল চালক স্বপন রায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।