নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১৮ ড্রাম ভারতীয় কেমিক্যালসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।
শুক্রবার (৩ জুলাই) রাতে কলমাকান্দার উপজেলার সরুজের মোড় এলাকা থেকে মালিকবিহীন মিনি ট্রাকসহ কেমিক্যালগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
নেত্রকোনা ৩১ বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) খারনই বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল শুক্রবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চলাকালে ভারত থেকে আসা সন্দেহভাজন একটি মিনি ট্রাক দেখতে পেয়ে বিজিবি টহল দল সেটিকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ট্রাকটি ফেলেই পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া ট্রাক তল্লাশি চালিয়ে ১৮ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড (ইউএসপি) কেমিক্যাল জব্দ করে বিজিবি। জব্দ করা কেমিক্যালের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য ১৮ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এবিষয়ে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, জব্দ কেমিক্যাল ও মিনি ট্রাক পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।