সাবেক দুই স্ত্রীকে পাশে রেখে তৃতীয় বিয়ে কবরেন আমির

আগামীকাল রবিবার (৫ জুলাই) তৃতীয় বিয়ে করছেন বলিউড অভিনেতা ও নির্মাতা আমির খান। সাবেক দুই স্ত্রীকে সঙ্গে নিয়েই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। 

কিছুদিন আগেই গৌরীর সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন আমির। এবার বিয়ের তারিখ চূড়ান্ত হতেই তার ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। 

তবে জানা গেছে, বলিউডের আর দশটা জমকালো বিয়ের মতো এই আয়োজনে কোনো বাহুল্যতা থাকছে না। কোনো বিলাসবহুল হোটেল বা বড় রিসোর্টের পরিবর্তে আমির নিজের বান্দ্রার বাসভবনে বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্পূর্ণ ঘরোয়া ও অত্যন্ত সাদামাদা পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এই বিয়েতে আমন্ত্রিত অতিথির তালিকাও বেশ সংক্ষিপ্ত। দুই পরিবারের সদস্য, অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এবং বিশেষ কিছু মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ করে আমির তার এই সাদামাদা আয়োজনের ইচ্ছার কথা জানান। তিনি উল্লেখ করেন, যেকোনো বড় উদযাপনের চেয়ে পরিবারের সঙ্গে কাটানো আনন্দের মুহূর্তগুলোই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি সবার কাছে ভালোবাসা, শুভকামনা ও আশীর্বাদ প্রার্থনা করেছেন। 

ব্যক্তিগত জীবনে এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বিচ্ছেদ পরবর্তী সময়েও তিনি তার পূর্বের পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেছেন। 

অন্যদিকে গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে এবং তার একটি পুত্রসন্তান রয়েছে। আমিরের তিন সন্তানসহ মোট চার সন্তানই বাবার এই নতুন পথচলায় পাশে থেকে আনন্দ উদযাপনে শামিল হবে।