মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারি আত্মীয় হলেও আপোষ নয়।
তিনি বলেন, মাদক কারবারি যতই প্রভাবশালী হোক না কেন তার জায়গা সমাজে হবে না। মাদক কারবারি যদি আমার আত্মীয় কিংবা দলের কোনো সদস্য হয়ে থাকে তার সঙ্গে কোনো আপোষ করা হবে না। দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটা দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং আগামীতে থাকবে না।
শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর সদরের চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি ভায়া সড়কের উদ্বোধন শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
যশোর সদরের এই সংসদ সদস্য বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তা ঘাট, ব্রিজ কালভার্টের কাজ শুরু হয়েছে।
এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা ঠিকাদারের কাছ থেকে কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক সেটা আপনাদের দেখার বিষয় না। আপনারা তার কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নিবেন। এ ক্ষেত্রে তার কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা করবেন না।
উদ্বোধর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মো. আশেক হাসান, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ।