মস্কো রক্ষায় ড্রোন চালক খুঁজতে এবার অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়েছে রাশিয়া। দেশটির সবচেয়ে বড় কর্মসংস্থানবিষয়ক ওয়েবসাইট 'হেডহান্টার'-এ এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপনে বলা হয়েছে, এই পদের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রার্থীদের শুধু মৌলিক কারিগরি জ্ঞান এবং এই খাতে কাজ করার আগ্রহ থাকলেই চলবে। তবে পদের বেতন নির্ধারণ করা হয়েছে মাসে ১ লাখ ৫০ হাজার রুবল (১ হাজার ৯৫০ ডলার), যা মস্কোর গড় বেতনের (২ লাখ রুবলের বেশি) চেয়ে কম।
বিজ্ঞাপন অনুযায়ী, 'কমব্যাট আর্মি রিজার্ভ ফোর্স' নামক একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য এই নিয়োগ দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও নজরদারি ব্যবস্থা ব্যবহার করে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করাই এই বাহিনীর প্রধান কাজ।
এতে আরও বলা হয়েছে, 'নিয়োগপ্রাপ্তরা শহরের পরিবেশ রক্ষায় উন্নত প্রযুক্তির সরঞ্জাম নিয়ে কাজ করবেন।' কাজের বিবরণে ড্রোনের প্রাক-উড্ডয়ন প্রস্তুতি, পরিচালনা, গোয়েন্দা অভিযান এবং দিন-রাতে তথ্য সংগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।
নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিষয়ে 'লিড ইন্সপেক্টর' ছদ্মনামের একজন ব্যক্তি লিখেছেন, 'এটি একটি চমৎকার ও সুসংগঠিত দল। এখানে পদোন্নতির দারুণ সুযোগ এবং ইতিবাচক প্রাতিষ্ঠানিক পরিবেশ রয়েছে। কাজের ক্ষেত্রে নিজের পছন্দ বেছে নেওয়ার এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে সহযোগিতার সুযোগ আছে। এখানে বেতন পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দেওয়া হয়, যার অর্থ হলো নিজের আয় বাড়ানোর সুযোগ রয়েছে।'
নিয়োগের এই বিজ্ঞাপনটি কবে দেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়, তবে ১ জুলাই এটি আপডেট করা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, হামলা মোকাবিলায় রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।