ভেনেজুয়েলায ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুকে রোনালদোর আবেগঘন বার্তা

ভেনেজুয়েলায় ঘটে যাওয়া ভয়াবহ জোড়া ভূমিকম্পে অলৌকিকভাবে বেঁচে যাওয়া এক শিশু আন্দ্রেস মিলেস। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া এই শিশুর প্রতি এবার মানবিক হাত বাড়িয়ে দিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্দ্রেসের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা পাঠিয়ে সান্ত্বনা ও সাহস দেওয়ার পাশাপাশি সুস্থ হয়ে ওঠার পর তাকে নিজের খেলা দেখার জন্য সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন সিআরসেভেন।

গত ২৪ জুন ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এবং লা গুয়াইরা রাজ্যে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অসংখ্য ভবন ধসে পড়ে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে আন্দ্রেস মিলেসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। কারাকাসের মিগুয়েল পেরেজ কারেনো হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে।

ভূমিকম্পের এই ভয়াবহতায় আন্দ্রেস তার পরিবারের সদস্যদের হারিয়েছে। চিকিৎসকরা তার জীবন বাঁচাতে একটি পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন। এতো বড় ট্র্যাজেডির মধ্যেও হাসপাতালে শুয়ে শিশুটি তার একটি শখের কথা জানায়—সে তার কালেকশন অ্যালবামটি পূর্ণ করার জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি স্টিকার (ল্যামিনা) খুঁজছিল।

আন্দ্রেসের এই ইচ্ছার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ভাইরাল হয়। হুয়ান কাসাবজি নামে এক ব্যবহারকারী প্রথম শিশুটির এই চাহিদার কথা হাসপাতালসহ শেয়ার করেন। এরপর হোসে জামব্রানো নামের চিলির এক বাসিন্দা জানান, তার কাছে ওই নির্দিষ্ট স্টিকারটি আছে এবং তিনি সেটি কারাকাসে পাঠানোর ব্যবস্থা করছেন।

এরই মধ্যে প্রখ্যাত কনটেন্ট ক্রিয়েটর আরমান্দো পোয়ো সরাসরি ক্রিস্টিয়ানো রোনালদোর সই করা একটি জার্সি পাঠানোর ঘোষণা দেন এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সেই বিশেষ ভিডিও বার্তাটি প্রকাশ করেন।

ভিডিওতে রোনালদো আন্দ্রেসকে উদ্দেশ্য করে বলেন: "হ্যালো আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি জড়িয়ে ধরার বার্তা (আলিঙ্গন) পাঠাতে এই ভিডিওটি করছি। আমি জানি তুমি আমার অনেক বড় ভক্ত। তুমি যখন সুস্থ হয়ে উঠবে, আমি তোমাকে আমার একটি ম্যাচ সরাসরি দেখার আমন্ত্রণ জানাতে চাই। তোমার সাথে দেখা করতে পারলে আমার খুব ভালো লাগবে। ভালো থেকো, বন্ধু।"