দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বর্তমান সরকার জনবান্ধব সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি গতকাল শনিবার (৪ জুলাই) শহরের থানা মোড়ে ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফরিদপুরের সার্বিক উন্নয়নের লক্ষে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র নির্মাণ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত  হাতে নেওয়া হবে।

তিনি বলেন, সমাজের উন্নয়ন করতে চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদককে নির্মূল করতে হবে। মাদক নির্মূল করতে মাদকবিরোধী সমাবেশ করে জনগণকে সচেতন করতে হবে।

ফরিদপুর নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য দেন- ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. মো. ইলিয়াস মোল্লা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম প্রমুখ।