মামাকে না পেয়ে শিশু ভাগ্নেকে ছুরিকাঘাত

প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লেগেছে মামার। ছুরি নিয়ে মামার দিকে ছুটে যান প্রতিবেশী নুরুন্নবী। এ সময় তাকে (মামা) ঘরে না পেয়ে ভাগ্নে চার বছর বয়সী শিশু মো. দিয়ানকে ছুরিকাঘাত করে বসেন নুরুন্নবী। এতে দিয়ানের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শিশুটির অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। বর্তমানে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দিয়ান। গত শুক্রবার রাত ৮টার দিকে এ নৃশংস ঘটনাটি ঘটেছে নগরের কেতোয়ালি থানাধীন বিআরটিসি জামতলা বস্তি এলাকায়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে গতকাল শনিবার সকালে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন শিশুটির মামা আজহারুল হক। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।