যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ট্রাম্পকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনাদের মহান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বাস্তবমুখী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহিমান্বিত অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্র যখন দেশজুড়ে এই গৌরবময় উপলক্ষ উদযাপন করছে, তখন ‘আমেরিকা ২৫০’ উদ্যোগ বিশ্বজুড়ে মানুষকে ‘আমেরিকান ড্রিম’, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, আদর্শ এবং বিশ্বের প্রতি আমেরিকার অবদান থেকে অনুপ্রেরণা লাভের সুযোগ করে দিচ্ছে। আমাদের স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়নযাত্রায় এক বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। এই আনন্দঘন মুহূর্তে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ জনগণের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করছি।