সমাজকে দুর্নীতিমুক্ত করতে জামায়াত উপযুক্ত দল

সমাজকে দুর্নীতিমুক্ত করতে জামায়াত একটি উপযুক্ত দল বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘সংরক্ষিত নারী আসনসহ আমরা ৯০টি আসন নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করছি। নির্বাচনে মানুষ প্রত্যাশা করেছিল যে, তারা একটি দুর্নীতিমুক্ত দলকে দায়িত্ব দেবে; যারা সমাজকে দুর্নীতি মুক্ত করবে। জামায়াতই একটি দল যারা এর উপযুক্ত। আল্লাহ আমাদের যতটুকু যোগ্য মনে করেছেন, ততটুকু দায়িত্ব দিয়েছেন।’

গতকাল শনিবার রাজধানীর মগবাজারে দলটির জেলা-মহানগরী কর্মপরিষদ সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী আয়োজিত শিক্ষাশিবির অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকীর সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক বাধা। মুসলিমরা সর্বজনীন গোষ্ঠী কিন্তু আশ্চর্যজনক হলো তাদেরই বলা হয় সাম্প্রদায়িক গোষ্ঠী। আল্লাহকে ডাকতে হবে একিন ও ইখলাসের সঙ্গে। একিন ও ইখলাস যেখানে একসঙ্গে থাকে সেখানে কোনো ফারাক থাকে না।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য যদি হয় জামায়াতকে ক্ষমতায় আনা, তাহলে আমাদের ব্যাপ্তি দুনিয়া পর্যন্ত। আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়Ñ তাহলে তার ব্যাপ্তি হবে আখিরাত পর্যন্ত। যিনি দেশ চালানোর সক্ষমতা রাখেন তার হক গোটা দেশের। দেশের অভ্যন্তরে থাকা পশুত্বকে দমনের আগে নিজের  ভেতরের পশুত্বকে দমন করার আহ্বান জানান।’