রাজধানীর চকবাজারে চক মোগলটুলীর হাজি আবুল বাশার সুপারমার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার দুপুর ১টা ৩৪ মিনিটে অষ্টম তলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। এতে ওই ফ্লোরে থাকা চারটি দোকান ও দোকান লাগোয়া গোডাউন পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঝুঁঁকিপূর্ণ ভবনটিতে কোনো ধরনের আগুন নির্বাপণ ব্যবস্থা ছিল না। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মাকের্ট-সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা প্রায় দেড়টার দিকে তৃতীয় তলায় প্রথম দিকের দোকান (ছাতার দোকান) থেকে ধোঁয়া উড়তে দেখেন ওই ফ্লোরের লোকজন। অল্প সময়ের মধ্যেই ছাতার দোকানে আগুন ধরে যায়। তারা দ্রুত নিচে নেমে আসেন। আগুন মুহূর্তে তৃতীয় তলার অন্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনার পর লালবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, তৃতীয় তলায় চারটি দোকান ও দোকানগুলোর গোডাউন আগুনে পুড়ে গেছে। ওই ফ্লোরে মূলত সিটি গোল্ড, লাইটের বাল্ব, ছাতা ও ব্যাগের দোকান ছিল। গোডাউনে এসব পণ্য ও এর কাঁচামাল ছিল। এর মধ্যে ছাতার দোকানটি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
ছাতার দোকানের মালিক মোহাম্মদ আলী বলেন, আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তার ধারণা।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, ভবনটিতে মাত্র দুই ফুট চওড়া একটি সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে একজন উঠতে গেলে আরেকজন নামা কষ্টকর।
মার্কেটে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও উদ্ধার তদন্ত সাপেক্ষে জানা যাবে।