পল্লবীতে ধর্ষণের শিকার শিশু

রাজধানীর পল্লবীতে এক শিশুকে ধর্ষণের ঘটনায় আনোয়ার হোসেন সাঈদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের পর এ ঘটনা ঘটে। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, পল্লবী থানাধীন থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় একটি ভাড়া বাসার বাথরুম থেকে ফেরার সময় আনোয়ার ভিকটিমের মুখ চেপে ধরে নিজের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে মারধর করে এবং মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণ করে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে আনোয়ারকে আটক ও শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় আনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে শনিবার বিকেলে অভিযুক্তের ফাঁসির দাবিতে পল্লবী থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে একই দাবিতে বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে ট্রাফিক মিরপুর বিভাগের এডিসি পরিত্রাণ তালুকদার জানান, বিক্ষোভকারীরা প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ করে রাখেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।