নরওয়ে ম্যাচে পকেতার বিকল্প নিয়ে দ্বিধায় ব্রাজিল কোচ

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিলের শুরুর একাদশ নিশ্চিত করার চেনা অভ্যাস বজায় রাখলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবারের এই হাইভোল্টেজ ম্যাচের আগে সেলেসাওদের কৌশল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আভাস দিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মাঝমাঠের অন্যতম প্রধান তারকা লুকাস পকেতা। তার জায়গায় কে খেলবেন—সেটিই এখন ব্রাজিলের সবচেয়ে বড় রহস্য। গত দুই দিনের অনুশীলনে পকেতার জায়গায় গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে খেলিয়ে পরখ করেছেন আনচেলত্তি, যেখানে দানিলো সান্তোসের চেয়ে মার্তিনেল্লি কিছুটা এগিয়ে আছেন। তবে ম্যাচের আগে কারোর নামই নিশ্চিত করেননি কোচ।

"পকেতার মতো কেউ নেই"

শনিবার (৪ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লুকাস পকেতার ভূয়সী প্রশংসা করে আনচেলত্তি জানান, পকেতার মতো বৈচিত্র্যময় ফুটবলার স্কোয়াডে দ্বিতীয় কেউ নেই। তিনি বলেন:

"আমাদের স্কোয়াডে পকেতার মানের এবং সেই একই বৈশিষ্ট্যের কোনো খেলোয়াড় নেই, তাই আমাদের অন্য কাউকে দিয়ে সেই জায়গা পূরণ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের বিকল্পদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। দানিলোর খেলার ধরণ মার্তিনেল্লির চেয়ে আলাদা, আবার ম্যাথিউস কুনিয়া বা এদেরসনের ধরণও ভিন্ন। তবে প্রতিপক্ষের শক্তি এবং আমাদের দলের প্রয়োজনের ওপর ভিত্তি করেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

ডিফেন্সিভ ও অফেন্সিভ লাইনের ভারসাম্য নিয়ে আনচেলত্তি আরও যোগ করেন, "বল যখন আমাদের পায়ে থাকবে না, তখন পকেতা যেভাবে বাম প্রান্তে নিচে নেমে রক্ষণ সামলাতো, মার্তিনেল্লি ও দানিলো দুজনেই সেটা করতে পারে। তবে বল পজিশন নিজেদের কাছে থাকলে লেফট-সেন্টার পজিশনটা ঠিকঠাক সামলানো প্রয়োজন, যেখানে ভিনিসিয়ুস জুনিয়র এবং উইং-ব্যাক ডগলাস সান্তোস ওভারল্যাপ করে খেলতে পারে, আবার মার্তিনেল্লিও সেই ভূমিকা নিতে পারে। ডিফেন্সের ধরণ বদলাবে না, তবে খেলোয়াড়ের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে মাঠের ভূমিকা বদলে যাবে।"

বেঞ্চে ফিরছেন রাফিনহা

ব্রাজিল শিবিরের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো উইঙ্গার রাফিনহার দলে ফেরা। গত ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে ম্যাচে ডান পায়ের উরুর পেশির ইনজুরিতে পড়েছিলেন তিনি। পুরোপুরি ফিট না হলেও নরওয়ের বিপক্ষে ম্যাচেই প্রথমবারের মতো তাকে ডাগআউটে দেখা যাবে।

রাফিনহা প্রসঙ্গে আনচেলত্তি বলেন, "রাফিনহা খুব দ্রুত এবং দারুণভাবে সেরে উঠছে। সে এখনও শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকার জন্য এবং প্রয়োজনে কিছু মিনিটের জন্য মাঠে নামার মতো অবস্থায় আছে। ওর দ্রুত রিকভারিতে আমরা সবাই খুশি, কারণ রাফিনহা এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য।"

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: অ্যালিসন

রক্ষণভাগ: দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালাস, ডগলাস সান্তোস

মাঝমাঠ: কাসেমিরো, ব্রুনো গিমারেস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (বা দানিলো সান্তোস)

আক্রমণভাগ: রায়ান, ম্যাথিউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।