নেতানিয়াহু ভালো করেই জানেন আসল বস কে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ‘চমৎকার’ এবং নেতানিয়াহু ভালো করেই জানেন, ‘আসল বস কে’।

শনিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নেতানিয়াহু হোয়াইট হাউসে তার সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। ন্যাটো সম্মেলন শেষে আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই বৈঠক হতে পারে।

ট্রাম্প বলেন, আমাদের মধ্যে বোঝাপড়া খুবই ভালো। ও জানে, আসল বস কে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানান নেতানিয়াহু। ওই আলাপেই দুজন শিগগির ওয়াশিংটনে বৈঠকে বসতে সম্মত হন।

তবে সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও লেবানন ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও নতুন পারমাণবিক আলোচনা এগিয়ে নিতে সমঝোতায় সই করেছেন এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান সীমিত করার জন্যও নেতানিয়াহুর ওপর চাপ দিয়েছেন।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে দুই পক্ষ আলোচনা থেকে এক সপ্তাহের বিরতি নিয়েছে এবং এই সময়ে একে অপরের বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না।