গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হলো খামেনির প্রথম জানাজা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা তেহরানে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) রাজধানীর গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এ জানাজায় লাখো মানুষের সমাগম ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

জানাজায় ইমামতি করেন দেশটির শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাফর সোবহানি। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়, জানাজার নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই গ্র্যান্ড মোসাল্লার প্রধান প্রাঙ্গণ শোকার্ত মানুষের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

সূচি অনুযায়ী, সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নজফ ও কারবালায় নেওয়া হবে। সবশেষে বৃহস্পতিবার দাফনের জন্য মরদেহ ইরানের মাশহাদে ফিরিয়ে আনা হবে।

১৯৩৯ সালে ইরানের উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলি খামেনি। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে তিনি শাহবিরোধী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। বিপ্লবের পর ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে তিনি দেশের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। প্রায় চার দশকের শাসনামলে ইরানের সামরিক ও আধাসামরিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি দেশের প্রতিরক্ষা কৌশল জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আলি খামেনি। খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে দায়িত্ব নেওয়ার পর এখনো তিনি জনসমক্ষে উপস্থিত হননি।