আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা ৩৫তম রাতের মতো সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবারের (৪ জুলাই) এই বিক্ষোভে হাজারো মানুষ প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ, অন্তর্বর্তী সরকার গঠন, সংবিধান সংস্কার এবং দুর্নীতির অবসানের দাবি জানান। সূত্র এপি নিউজ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা রাজধানীর প্রধান সড়ক ধরে স্কান্দারবেগ স্কয়ারের দিকে মিছিল করেন। তবে অংশগ্রহণকারীর সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
একটি সংরক্ষিত উপকূলীয় এলাকায় বিলাসবহুল রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রতিবাদ থেকে এ আন্দোলনের সূচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ওই প্রকল্পের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পরে আন্দোলনটি সরকারবিরোধী ও দুর্নীতিবিরোধী গণবিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা 'নতুন আলবেনিয়া' এবং 'এদি রামা, পদত্যাগ করুন' স্লোগান দেন।
বিক্ষোভে প্রতীকী নানা কর্মসূচিও ছিল। প্রধানমন্ত্রী রামার একটি বড় আবক্ষ ভাস্কর্য স্থাপন করে পরে দড়ি দিয়ে টেনে ফেলে দেওয়া হয়। একই সঙ্গে রামার ৬২তম জন্মদিন উপলক্ষে কয়েকজন বিক্ষোভকারী সিমেন্ট দিয়ে তৈরি প্রতীকী 'জন্মদিনের কেক' বহন করেন এবং ব্যঙ্গাত্মকভাবে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।
এ ছাড়া অনেকের হাতে গোলাপি ফ্লেমিঙ্গো আকৃতির বেলুন দেখা যায়। রিসোর্ট প্রকল্পের কারণে এ পাখির আবাসস্থল হুমকির মুখে পড়তে পারে ,এ অভিযোগ থেকেই আন্দোলনটি 'পিঙ্ক ফ্লেমিঙ্গো বিপ্লব' নামে পরিচিতি পেয়েছে।
প্রায় দুই ঘণ্টার বিক্ষোভ শেষে একদল আন্দোলনকারী থানার সামনে গিয়ে বৃহস্পতিবার পার্লামেন্টের কাছে বিক্ষোভের সময় আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা থানার জানালার কাচ ভাঙচুর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে।