যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা চলতি সপ্তাহেই পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৫ জুলাই) সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী ১১ জুলাই পাকিস্তানের আয়োজনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাতে আল আরাবিয়া জানিয়েছে, বৈঠকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, জব্দ করা ইরানি সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
এ ছাড়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর দেশটির প্রতিনিধিদল চূড়ান্ত করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ অঞ্চলজুড়ে সংঘাতের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করে। পরে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়।
এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পৃথকভাবে মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, সমঝোতা স্মারক বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। পাশাপাশি পরবর্তী বৈঠকের তারিখ দ্রুত নির্ধারণের বিষয়েও ঐকমত্য হয়েছে।