অভিযানের নামে সোনা চুরি, এসআই-কনস্টেবল বরখাস্ত

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন জামতলায় অভিযানের নামে স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন পুলিশ সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানা। 

শনিবার (৪ জুলাই) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ফতুল্লা থানার এস আই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুইজন সোর্সকে নিয়ে জামতলা ধোপাপট্টি এলাকায় মাদক উদ্ধারের জন্য সুমা আক্তারের বাড়িতে যার। ওই সময়ে তারা গহণা চুরি করে। ওই ঘটনায় সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে ফতুল্লায় মডেল থানায় মামলা হয়। পুলিশ ওই ঘটনায় এস আই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম, সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানাকে গ্রেপ্তার করে। একই সঙ্গে এস আই ও কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

৩ জুলাই সোনা চুরির ঘটনায় এস আই খায়রুল বাশারকে গ্রেপ্তারের পরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোরা নির্দেশ দেন।

২ জুলাই সন্ধ্যায় সাদা পোষাকে ফতুল্লা মডেল থানার এসআই খাইরুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলামসহ দুইজন সোর্সকে সঙ্গে নিয়ে ফতুল্লার জামতলা ধোপাপট্রি এলাকায় আইনজীবীর বাড়িতে অভিযান চালায়। এসময় কনস্টেবল আফিকুল ইসলাম আলমারীর একটি ড্রয়ার থেকে সোনার একটি চেইন তার পকেটে ভরে নেয়। বিষয়টি বাড়ির লোকজনের চোখে পড়লে তাদের পরিচয়পত্র দেখতে চায়। কিন্তু তারা পরিচয়পত্র দেখাতে পারেনি। একপর্যায়ে চিৎকার করলে আশপাশের লোকজন তাদের ঘরে গিয়ে চারজনকে গণপিটুনী দেয়। এরপর জরুরি নাম্বার ৯৯৯ এর কল করলে পুলিশ গিয়ে চারজনকে থানায় নিয়ে যায়।