ভারতে শনিবার (৪ জুলাই) থেকেই প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি-বাদলকে উপেক্ষা করেই গতকাল বলিউড তারকা আমির খানের মুম্বাইয়ের বাসভবন পালি হিলে তোলা হয় অনুষ্ঠানের জিনিসপত্র। আলোর মালায় সেজে ওঠে চারিদিক। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিল সেই দৃশ্য।
রবিবার (৫ জুলাই) সকাল থেকেই বৃষ্টি থামার নাম নেই। বৃষ্টির মধ্যেই আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হিসেবে নতুন পথচলা শুরু করলেন আমির খান ও গৌরী স্প্র্যাট। ভারতের বিভিন্ন গণমাধ্যমসূত্রে জানা গেছে, দুপুর পৌনে একটা নাগাদ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে সই করেছেন আমির-গৌরী। সকাল থেকেই আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে ঘিরে উৎসবের মেজাজ। মিস্টার পারফেক্টশনিস্টের পালি হিলের বাড়ির সামনে কড়া নিরাপত্তা। একের পর এক বিলাসবহুল গাড়ি এসে থামছে খান পরিবারের গেটে।
ভিড় জমিয়েছেন পাপারাজ্জিরা। ঘরোয়া পরিসরে আয়োজিত হলেও আমিরের মতো সুপারস্টারের বিয়ে অন্যতম আকর্ষণ তা বলাই বাহুল্য। তাই এই হাইপ্রোফাইল বিয়ের যাবতীয় খুটিনাটিই এখন প্যাপেদের পাখির চোখ। ‘জাস্ট ম্যারেড’ আমির-গৌরীর জীবনের এই বিশেষ দিনের প্রতিটি মুহূর্ত দূর থেকেই উপভোগ করতে অত্যুৎসাহী অনুগামীরা।
গৌরীর সঙ্গে বিয়ে সেরে আমিরের ‘হ্যাটট্রিক’। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে পৌঁছে গেছেন স্বস্ত্রীক পরিচালক আশুতোষ গোয়ারিকর, রাজনীতিবিদ রাজ ঠাকরে। বাবার তৃতীয় বিয়ের সাক্ষী থাকবেন তার তিন সন্তান। পূর্বঘোষিত অনুষ্ঠানসূচী অনুযায়ী এসেছেন জুনায়েদ খান। স্বামী নুপূরের সঙ্গে পৌঁছেছেন ইরাও। তবে বৃষ্টিতে বেশ খানিকটা বেগ পেতে হয়েছে আম্বানি পরিবারকে।