বাংলাদেশ পুলিশের ৬ ডিআইজি ও ৩ পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। রবিবার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে- পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জ ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনে পদায়ন করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে তিনজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এতে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠীর পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।