রাস্তা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় কলেজছাত্র নিহত

কক্সবাজারের টেকনাফে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. শফি উল্লাহ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) ভোরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার পুরানপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।  

নিহত শফি উল্লাহ (২৪) ওই এলাকার হাফেজ মুকতার আহমদের ছেলে ও হ্নীলা মঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের ডিগ্রির তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় ও নিহতের পরিবার জানায়, বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে শফি উল্লাহর পরিবারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। ওই মামলার বিষয়টি তদন্ত করতে শনিবার রাতে টেকনাফ থানা পুলিশের একটি দলের ঘটনাস্থলে যাওয়ার কথা ছিল। পুলিশ আসার অপেক্ষায় শফি উল্লাহ বাড়ির সামনে অবস্থান করছিলেন। এসময় প্রতিপক্ষের একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে শফি উল্লাহর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে তার মাথায় গুরুতর জখম হয়। তাকে বাঁচাতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে আসলে তাদেরকে মারধর করে আহত করা হয়। 

এরপর স্বজনরা গুরুতর আহত শফি উল্লাহকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে। মামলার প্রক্রিয়াধীন।