জুলাই শহীদ দিবসে কি সরকারি ছুটি? যা জানা যাচ্ছে

সরকার আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রবিবার (৫ জুলাই) তিনি জানান, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আগে, গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজের সই করা এক পরিপত্রে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিকে আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ সরকারি ছুটি কিনা-এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সরকারি তথ্য অনুযায়ী, দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এদিন ছুটি থাকবে না।

জুলাই শহীদ দিবসের পরিপত্র থেকে জানা গেছে, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলোর মধ্যে একটি নির্দিষ্ট বিভাগ, যা সরকারিভাবে উদযাপিত হয়। তবে ‘ক’ শ্রেণির মতো ততটা জাঁকজমকভাবে নয়।

এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করে সরকার। এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১১ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র অনুযায়ী ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাস্থানে সন্নিবেশিত হিসেবে গণ্য হবে। সেই অনুযায়ী প্রতি বছর ৭ নভেম্বর দিনটি জাতীয়ভাবে পালিত হবে। এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।