আরাকান আর্মি প্রধানের চিকিৎসার খবরে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

‘আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে’ এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বলেন, মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতির ওপর সরকার নিবিড়ভাবে নজর রাখছে এবং সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিয়ানমারভিত্তিক কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় আহত হওয়ার পর আরাকান আর্মির প্রধান তোয়ান ম্রাত নাইং বাংলাদেশে গোপনে চিকিৎসা নিচ্ছেন। তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বা মূলধারার সংবাদমাধ্যম এখন পর্যন্ত প্রমাণসহ তথ্য প্রকাশ করেনি।

এদিকে মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত অব্যাহত থাকায় নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।