খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোয় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ কৃতজ্ঞতা জানান।

ইরানি রাষ্ট্রদূত বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানো ইরানের জনগণের প্রতি বাংলাদেশের আন্তরিকতা ও সংহতির বহিঃপ্রকাশ।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেন। তিনি এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের সাথে বাংলাদেশের জনগণের সংহতির ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির বিকল্প নেই। আঞ্চলিক শান্তি এই অঞ্চল এবং এর বাইরের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য।

সাক্ষাতে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।