সিলেটে দায়িত্ব গ্রহণ করতে পারেননি নতুন নিয়োগ পাওয়া জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান। তিনি সেখানে যোগদান করতে পারবেন কি না, এ বিষয়ে স্পষ্ট কিছু বলছে না জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা শনিবার (৪ জুলাই) রাতে গণমাধ্যমকে বলেন, গত ১ জুলাই ডিসি স্যার কুমিল্লা থেকে সিলেটে আসবেন বলে আমাদের জানানো হয়েছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, তিনি আসছেন না। কবে আসবেন, তা পরে জানানো হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বুধবার সিলেটে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় রেজা হাসানকে। এদিকে কুমিল্লায় তার স্থলাভিষিক্ত রোজী আকতার গত বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন।
একাধিক প্রশাসনিক সূত্র জানিয়েছে, ওই দিনই রেজা হাসানকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখা যায়।
সিলেট জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কী কারণে রেজা হাসান দায়িত্ব নিতে পারছেন না, তা তাদের অজানা। শনিবার পর্যন্ত নতুন কোনো নির্দেশনা তাদের কাছে পৌঁছায়নি। ফলে রেজা হাসান সিলেটে যোগ দেবেন, নাকি অন্য কাউকে পদায়ন করা হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।