ব্রেকিং নিউজ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পেনের বিরুদ্ধে নামার আগে সংবাদ সম্মেলনে এসে সমালোচকদের তীব্র ভাষায় ধুয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগাল দলে তার দলে থাকা বা শুরুর একাদশে খেলা নিয়ে প্রতিনিয়ত যে সমালোচনা হয়, তা নিয়ে প্রশ্ন করা হলে সিআরসেভেন সরাসরি বলেন,

'গত ২৩ বছর ধরে তোমরা (সাংবাদিক/সমালোচক) আমাকে মারার চেষ্টা করছ। কিন্তু এতদিনে নিশ্চয়ই বুঝে গেছ যে এটা সম্পূর্ণ সময়ের অপচয়। তোমরা চেষ্টা করতেই পারো, কিন্তু কোনো লাভ নেই। আমি এসবে পুরোপুরি অভ্যস্ত। যারা আমাকে ভালোবাসে তারা সবসময় আমার পাশে থাকে, আর বাকি সবকিছুই আবর্জনা, ওগুলোর কোনো মূল্য নেই।'

শেষ বিশ্বকাপ এবং অবসরের সিদ্ধান্ত

এটিই যে তার শেষ বিশ্বকাপ, তা পুনর্ব্যক্ত করে রোনালদো বলেন, "হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি প্রতিটি দিন, প্রতিটি ম্যাচ উপভোগ করছি। আশা করি স্পেনের বিরুদ্ধে ম্যাচটিই বিশ্বকাপে আমার শেষ ম্যাচ হবে না।"

তিনি বলেন তার ওপর কোনো চাপ নেই "আমি যদি বিশ্বকাপ জিতি তাহলেও আমি ক্রিশ্চিয়ানোই থাকব, আর না জিতলেও কম ক্রিশ্চিয়ানো হয়ে যাব না। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তা আমি কখনো আশাও করিনি। আমি ৪১ বছর বয়সেও গোল করছি। আগামীকাল যদি আমি গোল নাও করি, আর আমার কোনো সতীর্থ গোল করে দল জেতায়, আমি তাতেই খুশি।"

দলে তার বিকল্প বা বদলি হিসেবে খেলা প্রসঙ্গে রোনালদো স্পষ্ট জানিয়ে দেন, সিদ্ধান্তটা একান্তই তার।

"আমি দলে খেলি বা না খেলি, এই দলের জন্য আমার ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। আমি কখন খেলা শেষ করব সেই সিদ্ধান্ত আমিই নেব, আপনারা (মিডিয়া) নন। একই প্রশ্ন বারবার করে সময় নষ্ট করবেন না।"

অনুশীলনে হাস্যোজ্জ্বল রোনালদো

স্পেন ম্যাচ ও বিশেষ অনুভূতি

স্পেনের বিরুদ্ধে ম্যাচটি নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা জানান রোনালদো। স্পেনের রক্ষণভাগ এখন পর্যন্ত এই বিশ্বকাপে কোনো গোল হজম না করলেও পর্তুগিজ অধিনায়ক স্পেনের জালে বল জড়াতে মুখিয়ে আছেন।

"স্পেনের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। আমার পরিবার স্প্যানিশ, সেখানে আমার ব্যবসা ও বাড়ি আছে। আমি স্পেনের বিরুদ্ধে খেলতে পছন্দ করি। লড়াইটা খুবই সমানে-সমানে হবে। তবে আমার মনে একটা বিশেষ 'ফিলিং' কাজ করছে যে আগামীকাল আমরাই জিতব।"

লামিন ইয়ামালকে পরামর্শ

সংবাদ সম্মেলনে স্পেনের ১৮ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামালকে নিয়ে করা প্রশ্নের জবাবে রোনালদো তার প্রশংসা করার পাশাপাশি ক্যারিয়ার দীর্ঘ করার একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

"সে দারুণ করছে এবং ওর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। তবে এত কম বয়সে মিডিয়ার এত সমালোচনা ও চাপ সামলানো সহজ নয়। আমার পরামর্শ হলো, যদি লম্বা ক্যারিয়ার গড়তে চাও, তবে সমালোচনায় কান দেওয়া বন্ধ করতে হবে। সমালোচনা আমাদের কাজেরই অংশ। শুধু তাদের দিকেই মনোযোগ দেওয়া উচিত যারা তোমাকে ভালোবাসে।"

একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ৪১ বছর বয়সে বিশ্বকাপ খেলার সবচেয়ে কঠিন দিক কোনটি? রোনালদো রসিকতা করে এবং কিছুটা খোঁচা দিয়ে উত্তর দেন:

​"সবচেয়ে কঠিন কাজ হলো আপনাদের (সাংবাদিকদের) সাথে কথা বলা, বিশেষ করে যারা আমাকে পছন্দ করেন না তাদের সাথে! তবে ৪১ বছর বয়সে এই স্তরে খেলতে হলে ক্যারিয়ারে অনেক কিছু ত্যাগ করতে হয়। বয়সের সাথে সাথে আমি নিজের খেলার ধরন বদলেছি। আমি এখন আর আগের মতো নেই, কিন্তু একটা জিনিস স্পষ্ট—আমি এখনো গোল করতে পারি এবং আগামীকালও করতে চাই।"