নড়াইল জেলা কারাগারে অসুস্থ লাইচ বেগম নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক নারী কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত লাইচ বেগম (৪৫) লোহাগড়া উপজেলার চর-দিঘলিয়া গ্রামের বাহাউদ্দিনের স্ত্রী। এক বছর দেড়মাস আগে তিনি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হয়ে কারাগারে যান।
জেলা কারাগার জানায়, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর-দিঘলিয়া গ্রামে ২০১১ সালে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিবেশী মুসা খন্দকার নিহত হন। ওই হত্যা মামলায় ২০২৫ সালের ১৪ মে লাইচ বেগম, তার দেবর আকরাম মোল্যাসহ তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০হাজার টাকা করে জরিমানা করেন বিচারক। সেদিন থেকেই লাইচ বেগম কারাগারে আছেন।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী পরীক্ষা নিরীক্ষা করে লাইচ বেগমকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা কারাগারের জেলার সাইফুল ইসলাম বলেন, কয়েদি লাইচ বেগম উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যাসহ নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন। গতমাসে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলছিল। সন্ধ্যায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।