কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত অন্তত ১০

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (৬ জুলাই) ভোর পর্যন্ত চলা এ হামলায় অন্তত ১০ জন নিহত এবং আরও ২৪ জন আহত হয়েছেন। শহরের বিভিন্ন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানান, রাজধানীর পোদিলস্কি জেলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। এছাড়া দারনিতসা জেলায় একাধিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, 'এসব আবাসিক ভবন। এখানে মানুষ ঘুমাত, স্বাভাবিক জীবনযাপন করত।'

কর্তৃপক্ষ জানায়, হামলায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে। রাতজুড়ে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কিয়েভ। প্রাণ বাঁচাতে হাজারো মানুষ মেট্রো স্টেশনে আশ্রয় নেন।

এর কয়েক ঘণ্টা আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন, রাজধানীতে রাশিয়া শিগগিরই আরেকটি বড় ধরনের হামলা চালাতে পারে।

গত সপ্তাহে কিয়েভে রাশিয়ার যৌথ হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন এই হামলার ঘটনা ঘটল।

রবিবার রাতে দেওয়া এক টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে তিনি আরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। তার মতে, এ ঘাটতি পূরণ না হলে তা রাশিয়াকে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে উৎসাহিত করবে।