নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার ম্যাচে সেলেসাওদের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেছিলেন নেইমার জুনিয়র। তবে সেই পেনাল্টি শটটি নেওয়ার আগে এবং গোল করার পরে নরওয়ের গোলরক্ষক ওরিয়ান ন্যাল্যান্ডের সাথে তীব্র এক বাকযুদ্ধে জড়াতে দেখা যায় ব্রাজিলিয়ান তারকাকে।
মাঠের এই ‘স্লেজিং’ মূলত চলেছিল স্প্যানিশ ভাষায়। কারণ নরওয়েজিয়ান গোলরক্ষক ন্যাল্যান্ড গত মৌসুম পর্যন্ত স্পেনের লা লিগায় ‘সেভিয়া’র হয়ে খেলেছেন, আর নেইমারের ক্যারিয়ারেও বার্সেলোনার হয়ে স্পেনে খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
নেইমার পেনাল্টি স্পটে বল বসানোর আগেই নরওয়ের গোলরক্ষক বলটি ঘিরে থাকা ব্রাজিলিয়ান খেলোয়াড়দের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং স্প্যানিশ ভাষায় গালি দেন।
নেইমার যখন শট নেওয়ার জন্য বল হাতে নেন, তখন ন্যাল্যান্ড তাকে উদ্দেশ্য করে বারবার চিৎকার করে বলতে থাকেন, 'আমি এটা ঠেকাব, আমি তোমাকে আটকে দেব, আমি তোমাকে আটকে দেব।'
গোলরক্ষকের এমন কথায় দমে না গিয়ে নেইমার হেসে পাল্টা প্রশ্ন করেন, 'তুমি নিশ্চিত তো?' এর পরপরই নরওয়েজিয়ান কিপারকে আরও উসকে দিতে নেইমার জিজ্ঞেস করেন, '(বলটা) কোথায় চাও বলো? আমি কোন দিকে মারব বলো?'
ঠান্ডা মাথায় শট নিয়ে বল জালে জড়ানোর পর নেইমার হাসিমুখে সরাসরি ন্যাল্যান্ডের দিকে এগিয়ে যান। আঙুল উঁচিয়ে স্প্যানিশ ভাষায় তাকে লক্ষ্য করে বলেন: 'আমার সাথে পারবে না, আমার সাথে ওসব চলবে না।'
অবশ্য নেইমারের এই গোল ব্রাজিলের বিদায় আটকাতে পারেনি। তার আগেই মাত্র ১০ মিনিটের ব্যবধানে আর্লিং হালান্ডের জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল নরওয়ে। শেষ পর্যন্ত ২-১ গোলের হারে ১৯৯০ সালের পর বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বাজে পারফরম্যান্সের রেকর্ড গড়ে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।