ফিল্ডিংয়ে বাংলাদেশ, খেলছেন না লিটন

জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সিরিজের একমাত্র টেস্ট হারের পর এবার ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। হারারেতে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

পুরোপুরি চোট থেকে সেরে না ওঠায় এই ম্যাচের একাদশে নেই উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস৷তার পরিবর্তে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান৷

পরিসংখ্যান বেশ সমৃদ্ধ লাল-সবুজের প্রতিনিধিদের। জিম্বাবুয়ের বিপক্ষে ৮১ ম্যাচে ৫১ জয়, হার ৩০টি। এই সংস্করণে বাংলাদেশ নিজেদের ইতিহাসে ম্যাচ জিতেছে ১৬৯টি। অর্থাৎ মোট জয়ের ৩০ শতাংশের বেশি এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সে দেশে খেলা ৩৪ ওয়ানডেতে ১৭টি জিতেছে বাংলাদেশ, সমান ১৭টি জয় জিম্বাবুয়েরও। তবে সর্বশেষ সিরিজে জয় পায় রিচার্ড এনগারাভারা, ২০২২ সালে ২-১ ব্যবধানে।

এবার একে তো টেস্টে হার, এর ওপর ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে পয়েন্টের সমীকরণের হিসাবও মেলাতে হচ্ছে বাংলাদেশকে। এজন্য পরিসংখ্যান ও শক্তিমত্তায় এগিয়ে থাকলেও বেশ সাবধানী হয়ে  নামবেন মিরাজরা।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।