বিশ্বকাপে ব্রাজিলের আকস্মিক বিদায়

একদিকে বিষাদ, অন্যদিকে উচ্ছ্বাস

চলতি ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন দলটির বিশ্বজুড়ে থাকা কোটি সমর্থক। সাধারণ ফুটবলপ্রেমীদের মতো এই বড় ধাক্কা ছুঁয়ে গেছে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদেরও। গায়ক আসিফ আকবর, অভিনেতা জান্নাতুল সুমাইয়া হিমি, কণ্ঠশিল্পী সাবরিনা পড়শির মতো দেশীয় শোবিজের অনেকেই বিষ্ময় প্রকাশ করেছেন। অপরদিকে ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনার সমর্থকদের চোখে-মুখে বিজয়ের উচ্ছ্বাস।

 ব্রাজিলের এমন বিদায়ে অনেকটাই হতাশ মডেল-অভিনেত্রী সাফা কবির। তবে প্রিয় দলের এই অপ্রত্যাশিত বিদায়ের পরও পুরোপুরি ভেঙে না পড়ে পরের বিশ্বকাপে ব্রাজিল ঘুরে দাঁড়াবে, এমনই আশা তার। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন সাফা কবির। ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর স্টেডিয়ামের বাইরে থেকে একটি নিজের ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। দেখা যায়, ব্রাজিলের জার্সির ওপর বাংলাদেশের জাতীয় পতাকা কাঁধে জড়িয়ে হেঁটে যাচ্ছেন তিনি। চোখের সানগ্লাস ও বিষণ্ণ মনে ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এই মুহূর্তে মন ভালো নেই। তবে আগামী বিশ্বকাপে ইনশাআল্লাহ, আগামী বিশ্বকাপে আমরা আসব।’

স্টেডিয়ামে খেলা দেখছেন অভিনেত্রী সাফা কবির। ছবি : অভিনেত্রীর ফেসবুকে থেকে

এই পোস্টের ক্যাপশনে একটি ভাঙা হৃদয়ের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ইনশাআল্লাহ নেক্সট টাইম’ (আগামীবার)। প্রিয় দলের বিদায়ের এই মন খারাপের খবরের পাশাপাশি নিজের দেশকে নিয়েও এক বড় স্বপ্নের কথা উঠে এসেছে তার আগের একটি পোস্টে। ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে গ্যালারিতে দাঁড়িয়ে আছেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করে সাফা লেখেন, ‘আজ আমি ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এ ব্রাজিলকে সমর্থন করতে এসেছি। কিন্তু আমার হৃদয়ের গভীরে আরেকটা স্বপ্ন আছে—একদিন বাংলাদেশও এই মঞ্চে খেলবে, আর আমি এখানে দাঁড়িয়ে গর্বের সঙ্গে আমার নিজের দেশকে সমর্থন করব।’

সাফা কবিরের মতোই আরেক মডেল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও স্টেডিয়ামে ম্যাচটি উপভোগ করেছেন।তবে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে নিয়ে খোঁচা দিচ্ছিলেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তার একাধিক পোস্টের চিত্র তাই বলছে। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন, এবং ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় বেশ যেন আনন্দের মেজাজেই উদ্‌যাপন করেন।

স্টেডিয়ামে উল্লাস প্রকাশ করছেন আর্জেন্টিনার সাপোর্টার মেহজাবীন চৌধুরী। ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে

ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন মেহজাবীন চৌধুরী। গ্যালারি থেকে শেয়ার করা নিজের কিছু ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’  লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকাও ওড়াতেও দেখা যায়। ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’

ম্যাচের শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই তারকা। স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্যপটকে পেছনে রেখে তৈরি একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’ প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন নাটকীয় বিদায়ে মেহজাবীনের এই ট্রল ও উল্লাসভরা পোস্টগুলো সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে। 

উল্লেখ্য, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে নরওয়ে।