চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন ২০২৬

বাতিল খসরু-আলমের মনোনয়ন

চলচ্চিত্রের ‘মাদার অর্গানাইজেশন’ বলে পরিচিত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি দীর্ঘ সাত বছর ধরে একপ্রকার নিস্ক্রিয় হয়ে আছে। সাত বছর পর যখন আবার সমিতিতে নির্বাচনের প্রস্তুতি চলছে, ঠিক এমন সময় দেখা দিল বড় এক অঘটন। নির্বাচনের আগে প্রার্থী তালিকায় এসেছে বড় পরিবর্তন। সহ-সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামসুল আলমের মনোনয়ন বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। 

রবিবার (৫ জুলাই) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অংশগ্রহণের জন্য ৪০ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রকাশিত তালিকায় খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের নাম না থাকায় তাদের মনোনয়ন বাতিলের বিষয়টি নিশ্চিত হয়। একইসঙ্গে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সিনিয়র সহকারী সচিবের সই করা পৃথক এক বিজ্ঞপ্তিতে বাতিল হওয়া প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে। সেখানে এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের কারণ উল্লেখ করা হয়েছে। 

বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ১৮(৪) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদ নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করলে অন্তত এক মেয়াদ বিরতি না দিয়ে পুনরায় নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই বিধান অনুসারেই খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। 

বিধিমালায় বলা হয়েছে, ফেডারেশনসহ সব বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদে কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদ দায়িত্ব পালনের পর অন্তত একটি নির্বাচন বিরতি দিয়ে পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন। আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে।