রাজধানীর মোহাম্মদপুরে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ‘গ্রিন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান সফল করার লক্ষ্যে সোমবার (৬ জুলাই) এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার খাল পরিষ্কার করা হয়। একই সঙ্গে খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে কর্মসূচিটি পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান সোহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে ফখরুল ইসলাম রবিন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘গ্রিন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচিকে সফল করতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সারা দেশে পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তিনি বলেন, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।